সম্মিলিত ব্যাংকের এমডি হতে অপারগ মুস্তাফিজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ এএম

নিয়োগ পাওয়ার মাত্র দুই দিনের মাথায় সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন নাবিল মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ১৭ ফেব্রুয়ারি ব্যাংকের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্ত জানান। গতকাল বুধবার এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এমডি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেছেন, নাবিল মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণ না করার বিষয়ে গতকাল চিঠি দিয়েছেন। তার নিয়োগ অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল; এখন নতুন এমডি নিয়োগের বিষয়ে মন্ত্রণালয়ই পরবর্তী সিদ্ধান্ত নেবে। ব্যাংক খাতে ৩২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের অক্টোবরে ইউসিবি ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল) বাংলাদেশে ‘কান্ট্রি চিফ রিস্ক অফিসার’ ছিলেন। এ ছাড়া তিনি ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামিক ব্যাংকিং এবং ট্রানজেকশন ব্যাংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত