অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে ডিবিএর অভিনন্দন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৪ এএম

সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দেশের পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

গতকাল বুধবার ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তাকে এই অভিনন্দন জানান। একই সঙ্গে অর্থ ও পরিকল্পনা এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ডিবিএ মনে করে, সরকারের এ দূরদর্শী সিদ্ধান্ত দেশের আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করবে।

শুভেচ্ছা বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট উল্লেখ করেন, সাকি একজন অভিজ্ঞ ও জনসম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। ছাত্রজীবন থেকেই তিনি দেশের মানুষের আর্থ-সামাজিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো নির্মাণ, বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জাতীয় অর্থনীতি শক্তিশালীকরণ, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহি বৃদ্ধি এবং পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে তার সুস্পষ্ট অবস্থান সংশ্লিষ্ট মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে বলেও উল্লেখ করা হয়।

ডিবিএর মতে, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন গতি সঞ্চার করবে। তার প্রজ্ঞা, দূরদর্শিতা ও নীতিনিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আর্থিক খাতে কাঠামোগত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, পুঁজিবাজারের স্থিতিশীলতা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি অর্জনে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ডিবিএ আরও জানায়, দেশের অর্থনীতি, পুঁজিবাজার ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগে সংগঠনটি অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখবে। একটি শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ডিবিএ সম্মিলিতভাবে কাজ করে যাবে।

শেষে ডিবিএ প্রেসিডেন্ট সাকির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অর্পিত দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তার নেতৃত্বে দেশের অর্থনীতি ও পুঁজিবাজার নতুন উচ্চতায় পৌঁছাবে এমন আশাবাদও ব্যক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত