বিএনপি সরকারের যাত্রা শুরুর প্রথম দিন ছিল গতকাল বুধবার। এদিন বাংলাদেশ সচিবালয়ের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বরণ অনুষ্ঠান হয়। সব মন্ত্রীরা ছিলেন সচিবালয়ে। তবে পরিকল্পনা মন্ত্রণালয়ে এখনো নতুন সরকারের ছোঁয়া লাগেনি। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত করা হয়েছে নতুন দপ্তর। কর্মকর্তাদের আশা, নতুন মন্ত্রীদের নেতৃত্বে দুই দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বাড়বে।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বসার কক্ষগুলো প্রস্তুত করা হয়েছে। শেষবারের মতো ছোটখাটো কিছু কাজ চলছে। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তরগুলোতে নামফলক (নেইম-প্লেট) লাগানোর কাজ চলছে। এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন মন্ত্রীদের ছবিও টানানো হয়েছে।
জানা গেছে, আমীর খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে আছেন মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। দুজনই প্রথম দিন উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ে। ফলে তারা রাজধানীর আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন না।
দুপুরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর প্রস্তুতির কাজ পরিদর্শন করেন মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার। তিনি বলেন, মন্ত্রীদের অফিস প্রস্তুত করা হয়েছে।
