যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিরসনে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় কিছু মৌলিক নীতিতে সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে আরাগচি সতর্ক করেছেন, এর অর্থ এই নয় যে খুব শিগগিরই চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে। গত মঙ্গলবার জেনেভায় বৈঠক শেষে ইরানি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। আরাগচি সাংবাদিকদের বলেন, যদিও অনেক কারিগরি দিক এখনো বাকি, তবে আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। দীর্ঘদিনের অচলাবস্থার পর একে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না।
প্রায় চার ঘণ্টা ধরে জেনেভায় ওমানের দূতাবাসে এ বৈঠক হয়। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। বৈঠকে দুপক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের ‘নোট’ বা প্রস্তাব বিনিময় করেছে। আলোচনায় দুই দেশের পরমাণুবিজ্ঞানী, আইনবিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার এ আলোচনায় মূলত পারমাণবিক চুক্তির কারিগরি বা টেকনিক্যাল দিকগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলো মেটাতে আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান বিস্তারিত প্রস্তাব দেবে। তিনি আরও বলেছেন, অগ্রগতি হলেও এখনো অনেক বিষয়ে আলোচনা বাকি। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। এ আলোচনার বিষয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি জানিয়েছেন, উভয়পক্ষই স্পষ্ট পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করে বৈঠক শেষ করেছে। আরাগচির এ মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশ কমে যায়।
দুপক্ষই পুনরায় আলোচনার কথা জানালেও, তৃতীয় দফার বৈঠকের জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি। আরাগচি বলেন, একটি সম্ভাব্য চুক্তির প্রাথমিক খসড়া তৈরির পর উভয়পক্ষ পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করবে। উভয়পক্ষ এ বিষয়ে একমত হয়েছে যে, একটি সম্ভাব্য চুক্তির জন্য এখন খসড়া তৈরির কাজ চলবে। এরপর সেই খসড়াগুলো একে অন্যের সঙ্গে বিনিময় করা হবে এবং তার ভিত্তিতেই পরবর্তী আলোচনার দিনক্ষণ চূড়ান্ত হবে।
