চেতনানাশক খাইয়ে বাসা লুট গৃহকর্মীর গৃহকর্ত্রীর মৃত্যু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ এএম

রাজধানীর উত্তরায় বাসায় কাজের লোক রাখার তিন দিনের মাথায় নৃশংসতার শিকার হয়েছেন এক দম্পতি। গৃহকর্মীর দেওয়া চেতনানাশক মেশানো চা খেয়ে গৃহকর্ত্রী আয়েশা আক্তার (৬২) মারা গেছেন। গুরুতর অবস্থায় গৃহকর্তা আনোয়ার হোসেনকে (৬৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে দম্পতিকে অচেতন করে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়েছে ওই গৃহকর্মী। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক আহমেদ গতকাল বুধবার বিকেলে জানান, উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে আনোয়ার ও আয়েশা দম্পতি তাদের সন্তানসহ থাকেন। গত মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর আয়েশাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি জানান, ভবনের পরিচ্ছন্নতাকর্মী রবিনের মাধ্যমে তিন দিন আগে ওই গৃহকর্মীকে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে গৃহকর্মী সুকৌশলে ওই দম্পতিকে চায়ের সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যায়। ওই সময় দম্পতির ছেলে ও তার স্ত্রী বাসার বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন। ওই গৃহকর্মীর বয়স ৩৫-৪০ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত