ইন্তারের বড় হার নিউক্যাসলের গোল উৎসব

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ এএম

গত আসরের রানার্সআপ ইন্তার মিলান এবার শেষ ষোলোর প্লে-অফ থেকেই বিদায় নেওয়ার পথে। বুধবার রাতে, উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্লে-অফের প্রথম লেগে ইন্তার ৩-১ গোলে হেরে গেছে নরওয়ের প্রায় অখ্যাত দল বোডো/গ্লিমটের কাছে। ২৪ তারিখের ফিরতি লেগে এই দুই গোলের ব্যবধান ঘুচিয়ে জিততে না পারলে শেষ ষোলোর আগেই বিদায় নিতে হবে সিরি ‘এ’র শীর্ষ দলকে। কারাবাগের জালে গোল উৎসব করেছে নিউক্যাসল। নিজেদের মাঠে ক্লাব ব্রুজ রুখে দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকে।

উত্তর-মেরু বৃত্তের খুব কাছাকাছি শহর বোডো। এই শহরেরই ক্লাব বোডো/গ্লিমট, যাদের বার্ষিক বাজেট ইউরোপের ক্লাবগুলোর একজন খেলোয়াড়ের বেতনের সমান। অথচ এই ছোট ক্লাবই এবারের মৌসুমে আবির্ভূত হয়েছে জায়ান্ট কিলার হিসেবে। গ্রুপপর্বে তারা হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদের মতো প্রতিষ্ঠিত তারকাবহুল ক্লাবকে। নরডিক রূপকথার সবশেষ অধ্যায়ে যোগ হয়েছে ইন্তার মিলানের নামটা। প্রথমার্ধে ১-১ সমতার পর দ্বিতীয়ার্ধে দুই গোল করে ইন্তারের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিয়েছে বোডো/গ্লিমট। ম্যাচের ২০ মিনিটে ক্যাসপার হগের একটি চতুর ‘ব্যাক-হিল’ পাস থেকে সোন্ড্রে ব্রুনস্ট্যাড ফেট দারুণ ফিনিশিংয়ে স্বাগতিকদের এগিয়ে নেন। তবে পিও এসপোসিটোর চমৎকার এক টার্নিং শটে গোল করে ইন্তার মিলান সমতায় ফেরে। ম্যাচের ঘড়ির কাঁটা ১ ঘণ্টা পার করার পরেই চার মিনিটের ঝড়ে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় বোডো/গ্লিমট। প্রথমে হগের পাস থেকে জেনস পেটার হাউজ একটি অদম্য শটে গোল করেন। এর কিছুক্ষণ পরেই হগ নিজেই খুব কাছ থেকে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন।

অ্যান্থনি গর্ডনের প্রথমার্ধের চার গোলের মহোৎসব ইংলিশ ক্লাব নিউক্যাসলকে ৬-১ গোলের দাপুটে জয় এনে দিয়েছে কারাবাগের বিপক্ষে। ২৪ বছর বয়সী গর্ডন ম্যাচের মাত্র তিন মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন, ৫ মিনিট পর মালিক থিয়াওয়ের হেড ব্যবধান দ্বিগুণ করে। ম্যাচের আধা ঘণ্টা পেরোনোর পরেই গর্ডনের পরপর দুই মিনিটে দুই গোলে পূর্ণ হয় হ্যাটট্রিক। এই উইঙ্গার তার দ্বিতীয় গোলটা করেন পেনাল্টি থেকে আর পরের মিনিটেই দেখা পান তৃতীয় গোলের। মধ্যবিরতির ঠিক আগে আবারও পেনাল্টি থেকে গোল করেন গর্ডন।

প্যাট্রিক শিকের দ্বিতীয়ার্ধের চার মিনিটের ব্যবধানের জোড়া গোলে অলিম্পিয়াকোসকে হারিয়েছে লেভারকুসেন; এর মাধ্যমে লিগপর্বে অলিম্পিয়াকোসের মাঠে তাদেরই কাছে ২-০ ব্যবধানে হারের মধুর প্রতিশোধ নিল দলটি। ম্যাচের প্রথমার্ধে অলিম্পিয়াকোসের গোলরক্ষক কোস্টাস জোলানিস দুটি অসাধারণ সেভ করেন, প্রথমে তিনি শিকের একটি শট রুখে দেন এবং পরে ইব্রাহিম মাজার ভলি প্রতিহত করে বল বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। বিরতির আগে লেভারকুসেন গোলরক্ষক ইয়ানিস ব্লাসউইচও জেলসন মার্টিন্সের একটি বাঁকানো শট ফিরিয়ে দিয়ে গোল বাঁচান। ম্যাচের এক ঘণ্টার মাথায় পাল্টা আক্রমণ থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে অচলাবস্থা ভাঙেন শিক। এর কিছুক্ষণ পরই আলেহান্দ্রো গ্রিমালডোর কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড।

নকআউট পর্বের প্রথম লেগের সব খেলা শেষ হয়ে গেল বুধবার রাতে। ২৪ ফেব্রুয়ারি এই দলগুলোই মুখোমুখি হবে ফিরতি লেগে। পরদিন ২৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাকি ৮ দল, শেষ ষোলোর বাকি চারটি দল হিসেবে জায়গা পাওয়ার লড়াইয়ে।

সর্বশেষ সর্বাধিক পঠিত