আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের মাগফেরাত কামনায় মুনাজাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম না নেওয়ায় প্রতিবাদ করে শাখা ছাত্রদল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে তারা প্রতিবাদ করে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কেন তার নাম নিতে পারে না? যার জন্য বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারছে তার নাম নিতে ভুল হয় কিভাবে? এসময় জিয়াউর রহমানের নামসহ পুনরায় মুনাজাত করে স্থান ত্যাগ করার দাবি করেন তারা। পরে দ্বিতীয়বার মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব ভদ্র ও ভালো মানুষ। তিনি কখনও জিয়াউর রহমানের নাম মিসটেক করেননি। তবে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয় উদযাপন কমিটি ও প্রশাসন এ নামটি বাদ দিয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে আমি মনে করি। এজন্য আমরা এর প্রতিবাদ জানিয়েছি।
একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির আহ্বায়ক ও প্রক্টর প্রফেসর ড. শাহীনুজ্জামান বলেন, আমি জিয়ার সৈনিক। আমি দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করছি। আমাদের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইমাম সাহেব মুনাজাতে ভুল করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি। পরে ছাত্রদল প্রতিবাদ করায় ইমাম সাহেব ভুল স্বীকার করে দ্বিতীয়বার মুনাজাতও করেছেন।
এ বিষয়ে প্রোভিসি প্রফেসর ড. এয়াকুব আলী বলেন, দোয়ার পূর্বেই আমি খতিবকে জিয়াউর রহমান, খালেদা জিয়াসহ নতুন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তাদের জন্য দোয়ার কথা বলেছি। যাইহোক যেকোনো কারণেই হোক তিনি হয়তো ভুলে গেছেন। মানুষের ভুল হতেই পারে। এটা নিয়ে হৈচৈ করার কিছু নেই। পরবর্তীতে ছাত্ররা প্রতিবাদ জানালে পুনরায় দোয়া করা হয়।
