লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সরকারি বার্তা সংস্থা। দেশটির সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) প্রথমে জানায়, শুক্রবার দেশের পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়েছে। আহতদের ওই অঞ্চলের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসরায়েল বলছে, তারা বেকার বালবেক এলাকায় ‘হিজবুল্লাহর এক কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ‘যুদ্ধবিরতির ধারাবাহিক লঙ্ঘনের’ জবাবে ‘সন্ত্রাসীদের পরিচালিত হামাসের একটি কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে।
আলজাজিরা বলছে, ২০২৪ সালে ইসরায়েল লেবাননের শিয়া গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও নিয়মিতই তারা সেই চুক্তি লঙ্ঘন করে আসছে। শুক্রবারের হামলা তাদের যুদ্ধবিরতির লঙ্ঘনের সর্বশেষ প্রমাণ।
হিজবুল্লাহর একটি সূত্র প্যারিসভিত্তিক এক বার্তা সংস্থাকে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের এক সামরিক নেতাও আছেন।