নাজিব রাজাককে গৃহবন্দি রাখার অনুমতি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ এএম

মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটার অনুমতি দিয়েছেন দেশটির রাজা। গতকাল শুক্রবার সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে এই সুবিধা পেতে প্রায় ১ কোটি ২৩ লাখ ডলার জরিমানা গুনতে হবে ৭৩ বছর বয়সী নাজিবকে। কয়েক বিলিয়ন ডলারের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে নাজিবের সাজা হওয়ার চার বছর পর এ সিদ্ধান্ত এলো। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। ক্ষমতায় থাকাকালে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি বা ১এমডিবি থেকে কয়েক বিলিয়ন ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি ধারাবাহিকভাবে কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আইন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিম নাজিব রাজাককে শর্তসাপেক্ষ ক্ষমা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। এর ফলে ২০২৮ সালের ২৩ আগস্ট পর্যন্ত তিনি গৃহবন্দি থেকে বাকি সাজা ভোগ করতে পারবেন। গত বছরের শেষ দিকে নাজিবের বাকি সাজা বাড়িতে ভোগ করার আবেদন একজন মালয়েশিয়ান বিচারক প্রত্যাখ্যান করেছিলেন। এবার রাজকীয় ক্ষমার মাধ্যমে তাকে গৃহবন্দিত্বের সুযোগ দেওয়া হলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত