টিসিবির কার্যক্রম তদারকিতে থাকবে ওয়ার্ড কমিটি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়ানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এজন্য ওয়ার্ড প্রতি এক বা একাধিক নাগরিক কমিটি করে দেওয়া হবে। তারা এটি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন হয়, কোনো অনিয়ম না হয় তা নিশ্চিত করবেন।

গতকাল শনিবার সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নতুন বাণিজ্যমন্ত্রী। পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ, মহানগর বিএনপি নেতা রেজাউল হাসান কয়েস লোদি, নাসিম হোসেন ও এমদাদুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির বলেন, টিসিবির পণ্য সরবরাহ একটি সেবা। এটা যেন জনআকাক্সক্ষার সঙ্গে সংগতিপূর্ণ হয় সেটা নিশ্চিত করব।

রাষ্ট্রীয় বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রমজান উপলক্ষে প্রতিবছরের মতো সরকার সাশ্রয়ী মূল্যে এবারও পণ্য বিক্রি শুরু করছে। এ কার্যক্রমে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করা হচ্ছে। ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি ও সাতটি বিভাগীয় এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে ট্রাকে এসব পণ্য বিক্রি হচ্ছে। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ভ্রাম্যমাণ ট্রাকে একজন ভোক্তাকে সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে এক-দুই কেজি খেজুর দেওয়া হচ্ছে। রোজায় ছোলা প্রতি কেজি ৬০ ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ভোজ্য তেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ ও মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত