কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ জানিয়েছেন, তিনি নিজেও একজন কৃষক। তাই ধান ফলানোর বাস্তব অভিজ্ঞতা তার রয়েছে। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান তিনি। গতকাল শনিবার কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিতে আধুনিকতার ছোঁয়া দেন। কৃষিতে তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনো দেশ-বিদেশে সমাদৃত। এ মডেল দেশের গ্রামীণ উন্নয়ন চিন্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সময় কুমিল্লার ঐতিহ্য পুনরুদ্ধারে স্থানীয় গণমাধ্যম ও জনগণের সহযোগিতা চান মন্ত্রী। তিনি বলেন, কুমিল্লাকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। মন্ত্রী হিসেবে আমার জায়গা থেকে ভূমিকা রাখতে চাই। কুমিল্লার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করব।
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবির বিষয়েও আমিন উর রশীদ জানান, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ। এ বিষয়ে নিজের অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখবেন।
নিজ নিজ মন্ত্রণালয়ের কাজ সঠিকভাবে বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, আপনারা সহযোগিতা করলে ভালো কিছু করতে পারব বলে বিশ্বাস করি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
