পাকিস্তানে মসজিদে  বোমা হামলা পুলিশসহ নিহত ১৬

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ এএম

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গতকাল শুক্রবার প্রদেশের রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোহাট জেলার ওল্ড পুলিশলাইনসসংলগ্ন মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশপ্রধান জুলফিকার হামিদ জানান, আহত ব্যক্তিদের বেশিরভাগই সাধারণ মুসল্লি। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, মসজিদের বাইরে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফয়েজি জানান, ঘটনার পরপরই উদ্ধারকারী দল পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সীমান্তবর্তী কোহাট শহরের পুলিশ সদর দপ্তর চত্বরে অবস্থিত মসজিদে জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়। মুসল্লিরা যখন নামাজের জন্য জড়ো হচ্ছিলেন, ঠিক তখনই বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে মসজিদের প্রবেশদ্বারে ধাক্কা দেয় হামলাকারী।

হামলায় মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ স্টেশনের সীমানাপ্রাচীর ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের বিকট শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের (আইএস) আঞ্চলিক শাখা এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সক্রিয় রয়েছে। তারা নিয়মিতই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এর আগের দিন বৃহস্পতিবারও উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাঙ্গু জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে বোমা হামলায় ৬ সেনা সদস্য নিহত হন। ওই দিনই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টিটিপির ১০ সন্দেহভাজন যোদ্ধাকে হত্যার দাবি করে সামরিক বাহিনী ও পুলিশ।

 ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর পাকিস্তানের সীমান্তসংলগ্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, হামলাকারীরা আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে এসব নাশকতা চালাচ্ছে। তবে আফগান কর্র্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে আসছে। এ উত্তেজনার জেরে দেশ দুটির মধ্যে মাঝেমধ্যেই সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত