ফুটবল নিয়ে আবারও মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের এই প্রধান ব্যক্তিত্ব পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর উচ্ছসিত প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি রোনালদোকে আমেরিকায় দেখতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ট্রাম্প বলেন, ‘রোনালদো, তুমি সবার সেরা। তোমাকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমরা আশা করি খুব শীঘ্রই তোমাকে এখানে দেখতে পাব।’
ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায় এবং ফুটবলপ্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বার্তা দুটিভাবে ব্যাখ্যা করা যেতে পারে। প্রথমটি হলো, তিনি চান বিশ্বকাপ দ্রুত শুরু হোক যাতে রোনালদো এবং তার জাতীয় দল আমেরিকার মাটিতে খেলতে যেতে পারে। আর দ্বিতীয় ব্যাখ্যা হলো, তিনি চাইছেন রোনালদো সরাসরি এমএলএসে খেলুক, যেখানে আরও আগে থেকেই লিওনেল মেসি খেলছেন।
এর আগে গত নভেম্বরে রাষ্ট্রীয় ভোজের আমন্ত্রণে হোয়াইট হাউসে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই ভোজসভায় ছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স, ধনাঢ্য ব্যবসায়ী ইলন মাস্কসহ বিশিষ্টজনেরা। ওই সময় ট্রাম্প রোনালদো সম্পর্কে বলেন, ‘আমার ছেলে রোনালদোর খুব বড় ভক্ত। আমি মনে করি এখন আমার ছেলে আমাকে একটু বেশি সম্মান জানাচ্ছে, কারণ আমি তাকে রোনালদোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এখানে আসার জন্য উভয়ের প্রতি কৃতজ্ঞতা। সত্যিই এটি একটি বড় সম্মান।’
জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে কেন্দ্র করে ট্রাম্প প্রায়ই ফুটবল নিয়ে কথাবার্তা বলছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও তার গলায় গলায় ভাব। ট্রাম্পের সর্বশেষ বার্তাকে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা রোনালদোর আমেরিকায় পাড়ি জমানোর সম্ভাবনা হিসেবে দেখছেন। ট্রাম্পের আগ্রহ স্পষ্ট—তিনি চান, রোনালদোর খেলা যেন মার্কিন দর্শকরা সরাসরি দেখতে পারেন।
শেখ মাহেদীর মা মমতাজ বেগম আর নেই
ম্যান সিটির দারুণ জয়ে বিপাকে পড়ল আর্সেনাল