ভারতের ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ বলে বিতর্কিত হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তার মতে, ভারতের এই হার্ডহিটিং ওপেনার বোলিং ফেইস করতে জানেন না এবং আক্রমণকেই প্রাধান্য দেন। যে কারণে চলতি বিশ্বকাপে পরপর তিনটি ‘ডাক’ মেরেছেন। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় এবার আত্মপক্ষ সমর্থন করলেন আমির।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘আমি শুধু আমার মতামত জানিয়েছি। আমরা সবসময়ই ভারতের সাফল্যকে প্রশংসা করেছি। কিছু সাবেক ভারতীয় ক্রিকেটার যা বলেন, সেটা যথেষ্ট কটু ভাষা। তারা পাকিস্তানকে অপমান করে। আমরা কখনো এমন করি নি। আমাকে শুধু বলুন, কখনো আমি ভারতের বিরুদ্ধে বাজে ভাষা ব্যবহার করেছি কি?’
তিনি আরও যোগ করেন, ‘অভিষেক শর্মার ক্ষেত্রে আমি শুধু বলেছি যে তার ডিফেন্সিভ খেলা নেই। একজন খেলোয়াড় যিনি বল ঠেকাতে পারেন না, তাকে আমি আর কি বলব? যদি সে লাইন ধরে বল ডিফেন্ড করতে না পারে, তাকে কী বলব?’
আমির দাবি করেন, তার মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে। তার মতে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ভারত থেকে ভালো ক্রিকেট খেলছে। তাই তিনি মনে করেন সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সুপার এইট থেকে সেমিফাইনালে উঠতে পারবে না। তাছাড়া ভারতের ব্যাটিং লাইনআপ নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
নিজের এই ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধা করার আহবান জানিয়ে আমির বলেন, ‘লোকে অন্যের মতামতকে শ্রদ্ধা করা শিখুক। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে। সবার মতামত একইরকম হতে পারে না। আমরা ক্রিকেট খেলেছি, তাই জানি কিভাবে কী হয়। ভারত ও দক্ষিণ আফ্রিকার খেলার ধরন দেখে মনে হয় দক্ষিণ আফ্রিকা ভালো খেলছে। আমি শুধু এই দিক থেকে মন্তব্য করেছি।’
রোনালদো তুমি সর্বশ্রেষ্ঠ, তোমাকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন: ডোনাল্ড ট্রাম্প
শেখ মাহেদীর মা মমতাজ বেগম আর নেই