রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিকাল আনুমানিক ৩ টায় রাজধানীর যাত্রাবাড়ীতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার নিন্দা জানাই।
জামায়াত আমির অভিযোগ করে বলেন, চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেওয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেওয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সবার ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে?
সর্বশেষ তিনি উল্লেখ করেন, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেব না। প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি। দেশকে যারা ভালোবাসেন, তাদের সবার প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, শনিবার বিকেলে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চাঁদা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে লেগুনা চালক সাগর মিয়াকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
