মানববন্ধনে নাহিদ

দেশে গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ এএম

দেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার এমন কিছু আইন ও প্রতিষ্ঠান তৈরি করছে, যেগুলো মানবাধিকার হরণের সুযোগ তৈরি করছে। দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে। সরকারের উদ্দেশে তিনি বলেছেন, ‘যদি সাহস থাকে, ২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতি ও অভিযোগগুলো আপনারা তদন্ত করুন।’ গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপির মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, আমরা যে গণঅভ্যুত্থান করেছিলাম, যে লড়াই করেছিলাম দেশের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারের জন্য, সেটি নিশ্চিত হয়নি। বাগেরহাটের মোংলায় মিরাজ শেখের নিখোঁজ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘মিরাজ শেখ কোথায়? পাঁচ মাস হয়ে গেল মিরাজ শেখের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মিরাজ শেখের পরিবার থানায় গেলে মামলা নেওয়া হয়নি। পরে জিডি নিলেও সেখানে কোস্ট গার্ডের নাম লিখতে দেওয়া হয়নি।’ 

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাহউদ্দিন তানভীর, গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও তাদের গ্রেপ্তারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। হবিগঞ্জে ছাত্রশক্তির কর্মী আলিফের ওপর হামলার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দল-মত দমন করা শুরু হয়ে গেছে। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, মানবাধিকার কমিশন আইন এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়েও আপত্তি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গুমের অভিযোগের তদন্ত যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমেই করা হয়, তাহলে একটি বাহিনীর বিরুদ্ধে অন্য একটি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করবে। পাশাপাশি অভিযোগ ভুল প্রমাণিত হলে অভিযোগকারীকে শাস্তির বিধান রাখার ফলে মানুষ অভিযোগ করতে ভয় পাবে।’

নাহিদ ইসলাম বলেন, বিএনপি বিরোধী দলে থাকার সময় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে। আর সরকারে এসে জাতীয় পর্যায়েও কোনো তদন্ত হতে দিচ্ছে না। এই সরকার তেল, গ্যাস, বিদ্যুৎ দিতে ব্যর্থ হয়েছে, সুশাসন দিতে ব্যর্থ হয়েছে, এখন মানবাধিকার হরণ করে নিচ্ছে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি।’ মানববন্ধনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত