জমির মামলা সংক্রান্ত কাজে বাড়ি থেকে বেরিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সিনিয়র সিভিল জজ আদালতে পৌঁছার আগেই পথে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মুক্তাদির হোসেন (৫৫)।
আজ রবিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকার গাঙচিল রেস্তোরা সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কৃষক মুক্তাদিরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত কৃষক মুক্তাদির হোসেনের বাড়ি গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মুমিনপুর গ্রামে। তিনি গ্রামের প্রয়াত আব্দুল জলিলের ছেলে। সংসারে তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
নিহতের ছেলে আজমীর বলেন, আমরা নিরীহ মানুষ। আব্বা কৃষি কাজ করতেন। জমি সংক্রান্ত বিষয়ে একটি মামলার কাজে বাড়ি থেকে ঈশ্বরগঞ্জ আদালতে আসার পথে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্বা আমাদের ছেড়ে পরপারের আদালতে চলে গেছেন। এখন আমাদের কি হবে!
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, হাসপাতাল থেকে কল আসলে আমরা প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ গৌরীপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছি। সংশ্লিষ্ট থানা পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।