সান্তাহারে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা, গ্রেপ্তার ৩

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

বগুড়ার সান্তাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগে আপন তিন ভাইকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সান্তাহার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)।  রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আব্দুল্লাহ আল কাফি নামের এক ভুক্তভোগির মামলার প্রেক্ষিতে আদালত থেকে ওই মার্কেটের ওপর ১৪৪ ধারা জারি হয়।

মার্কেটর মালিক ভুক্তভোগি ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফি বলেন, উপজেলার সান্তাহার প্রধান সড়কে ‘মেসার্স সপ্তভা শাড়ী বিতান’ এবং ‘নিবিড় বস্ত্র বিতান’ নামে তার আপন চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে মিলে প্রতিষ্ঠান দুটিসহ পুরো মার্কেট দখলের পাঁয়তারা করে আসছিলেন। এমতাবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আব্দুল্লাহ আল কাফি। গত ১৯ ফেব্রুয়ারি ওই মার্কেটে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারির আদেশ দেন বিচারক।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেন আদালত। এরই মধ্যে ১৪৪ ধারা অমান্য করে শনিবার দুপুরে আব্দুর রাজ্জাকসহ তার তিন ছেলে ওই মার্কেট দখল নিতে যান। ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার তিন ছেলেকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ওই মার্কেটে ১৪৪ ধারা জারি ছিলো। সেটি অমান্য করে দখলের চেষ্টাকরলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের গ্রেপ্তার করে ১৫১ ধারায় কোর্টে প্রেরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত