বাড়ছে একগুচ্ছ তারকার নাটক টেলিফিল্ম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ এএম

এখনকার নাটকে আগের মতো একঝাঁক তারকাদের দেখা দুষ্করই বলা চলে। এক সময় যেমন প্রায় সব নাটকেই বড় বড় পছন্দের তারকা শিল্পীদের সমাহার ছিল, মাঝখানে তো সেই সংখ্যা দাঁড়িয়েছিল মাত্র দুজনে। বাজেট স্বল্পতার কারণে শুধুমাত্র নায়ক-নায়িকানির্ভর নাটকই নির্মাণ হতো একচেটিয়া। তবে কিছুদিন ধরে সেই ধারা পাল্টানোর এক ধারা চোখে পড়ছে। এখন আবার পারিবারিক গল্প যেমন ফিরতে শুরু করেছে, তেমনি একাধিক তারকানির্ভর নাটকের নির্মাণও বাড়ছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন পরিচালক চয়নিকা চৌধুরী। আসন্ন রোজার ঈদের জন্য তিনি শেষ করলেন ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নামের বিশেষ একটি টেলিফিল্ম। চয়নিকা চৌধুরীর মূল গল্পে টেলিছবিটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। টেলিফিল্মটির শুটিং শুরু হয় গত ২০ ফেব্রুয়ারি এবং শেষ হয় গতকাল রবিবার। 

চয়নিকা চৌধুরী বলেন, ‘মানুষ যাকে চায় তাকে পায় না, আবার যাকে পায় তাকে সে চায় না। কিন্তু যাকে পায় আশপাশের মানুষকে ভালো রাখার জন্য তাকেই মেনে নেয়, জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এটাই টেলিফিল্মটির মূল গল্প।’ এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রখ্যাত চার অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন ‘রঙ্গন’ মিউজিকের কর্ণধার মো. জামাল হোসেন। আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের পর এটি ‘রঙ্গন’ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।

এতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, কিছুদিন আগে চয়নিকার নির্দেশনায় ‘লাইফ ইজ বিউটিফুল’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। গত ১৬ ফেব্রুয়ারি রঙ্গন চ্যানেলে প্রচারের পর বেশ সাড়া পাচ্ছি। সত্যি বলতে কি, চয়নিকা আসলে জীবনের গল্প নিয়ে নাটক নির্মাণ করে। ‘ভালোবাসার অন্য নাম তুমি’ও ঠিক তেমনি আমাদের জীবনেরই গল্প। আশা করছি ভালো লাগবে দর্শকের।’

শহীদুজ্জামান সেলিম বলেন,‘দীর্ঘদিন পর চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করা হলো। এতে ডলি আপা, দীপা, রিচি কাজ করবে জেনেই আসলে অভিনয় করা। কারণ প্রত্যেক নাটকে বা ইউনিটে এত ভালো ভালো শিল্পী পাওয়াও যায় না। ভালোবাসার অন্য নাম তুমি টেলিফিল্মে অনেক ভালো ভালো শিল্পীর সমাহার ঘটবে বলেই আমি এতে অভিনয় করেছি।’

দীপা খন্দকার বলেন, ‘চয়নিকা দিদির নাটকের প্রতি দর্শকের এখনো একটা আলাদা আগ্রহ কাজ করে। গল্প, শিল্পী, সিনেমাটোগ্রাফি সব মিলিয়েই তার নাটক সবসময়ই দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠে। এই নাটক নিয়েও আমার তেমনি প্রত্যাশা।’

রিচি সোলায়মান বলেন, ‘চয়নিকা দিদির নির্দেশনায় এর আগেও আমি খুব সুন্দর সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। এই টেলিফিল্মের গল্পটাও যদিও আমাদের খুউব চেনা জানা, কিন্তু তারপরও দিদি তার নির্মাণ দিয়েও অনন্য করে তোলার চেষ্টা করেছেন। অনেকদিন পর আসলে ডলি আপা, সেলিম ভাই, দীপা আপা, আমি একসঙ্গে এক টেলিফিল্মে তাও আবার টানা তিনদিন কাজ করে খুব ভালো লেগেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত