শেষ হলো বার্লিন চলচ্চিত্র উৎসব

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ এএম

নানা আলোচনা, সমালোচনা ও বিতর্কের মধ্য দিয়ে শেষ হলো ৭৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল রবিবার সমাপনী দিনে উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণভালুক’ (গোল্ডেন বিয়ার) জিতে নিয়েছে জার্মান-তুর্কি নির্মাতা ইলকার চাতাক-এর ছবি ইয়েলো লেটার্স। বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জুরি বোর্ডের সভাপতি, বিশ্বখ্যাত নির্মাতা ভিম ভেন্ডার্স। সমসাময়িক তুরস্কে রাজনৈতিক নিপীড়নের মুখে এক নাট্যকার দম্পতির অস্তিত্ব রক্ষার লড়াই এই প্রেক্ষাপটে নির্মিত ছবিটি তার অনন্য নির্মাণশৈলীর জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছে। জার্মানিতে শুটিং করেও টাইটেল কার্ডে তুরস্কের শহরের নাম ব্যবহার করার অভিনব কৌশল ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ২২ বছর পর কোনো জার্মান-তুর্কি নির্মাতার হাতে স্বর্ণভালুক ওঠায় এটি চাতাকের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি একটি প্রতীকী মুহূর্তও।

পুরস্কার প্রদানকালে ভিম ভেন্ডার্স বলেন, ছবিটি সর্বাধিনায়কতন্ত্রের বিপরীতে সহমর্মিতা ও মানবিকতার এক শক্তিশালী সিনেমাটিক ভাষা তৈরি করেছে। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘সিলভার বিয়ার গ্র্যান্ড জুরি প্রাইজ’ জিতেছে তুর্কি নির্মাতা এমিন এললার-এর ছবি স্যালভেশন। তুরস্কের কুর্দি অঞ্চলের একটি বাস্তব ঘটনাকে ভিত্তি করে নির্মিত এই ছবিতে জাতিগত সংঘাতের পাশাপাশি রূপকভাবে উঠে এসেছে ফিলিস্তিন প্রসঙ্গও। পুরস্কার গ্রহণের সময় এমিন এললার গাজার ফিলিস্তিনিদের উদ্দেশে বলেন, ‘আপনারা একা নন’ এ কথায় পুরো মিলনায়তন করতালিতে মুখর হয়ে ওঠে।

তৃতীয় সর্বোচ্চ জুরি পুরস্কার গেছে মার্কিন নির্মাতা ল্যান্স হ্যামারের পারিবারিক নাটক কুইন অ্যাট সি-এর ঝুলিতে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগেও ছিল চমক। সেরা পরিচালকের সম্মান পেয়েছেন ব্রিটিশ নির্মাতা গ্রান্ট গি। আর জেন্ডার-নিরপেক্ষ সেরা প্রধান অভিনয়ের সিলভার বিয়ার জিতেছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার।

সর্বশেষ সর্বাধিক পঠিত