অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর, আশা তাজুল ইসলামের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে বড় পরিবর্তন এসেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন এই নিয়োগের পর বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার উত্তরসূরির প্রতি পূর্ণ আস্থা ও শুভকামনা জানিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার এই দায়িত্ব অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে আমরা অত্যন্ত আশাবাদী যে, নতুন নেতৃত্বের অধীনে প্রসিকিউশন বিভাগ আরও শক্তিশালী ও গতিশীল হবে। আমাদের শুরু করা অসমাপ্ত কাজগুলো নতুন চিফ প্রসিকিউটর সফলভাবে সম্পন্ন করবেন বলে আমি বিশ্বাস করি।

তাজুল ইসলাম তার দায়িত্বপালনকালীন তদন্ত ও বিচারপ্রক্রিয়ার ওপর আলোকপাত করে বলেন, আমাদের মূল লক্ষ্য ছিল ন্যায়বিচার নিশ্চিত করা। অনেক মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। বিচারপ্রক্রিয়া একটি ধারাবাহিক বিষয়। আশা করি, নতুন চিফ প্রসিকিউটর সেই ধারাবাহিকতা বজায় রেখে চলমান কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন।

বিদায়ী এই চিফ প্রসিকিউটর মনে করেন, বিচারিক কাজে কোনো ব্যক্তি নয়, বরং প্রতিষ্ঠানই মুখ্য। তিনি বলেন, প্রসিকিউশন টিমের সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ব্যক্তি পরিবর্তন হলেও প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সবসময় অটুট থাকে, যা ন্যায়বিচার পাওয়ার পথকে সুগম করে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছিল। তাঁর মেয়াদে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার আইনি কার্যক্রম শুরু হয়। এখন থেকে সেই আইনি প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত