টাকা হাতে নিতেই মা অজ্ঞান, ৩ মাসের শিশু চুরি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট এলাকায় টিকাকেন্দ্রে যাওয়ার পথে ৩ মাস বয়সী এক শিশু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্বজনদের মাঝে চলছে আহাজারি।

বুধবার (২৫ জানুয়ারী) সকালে টিকা দিতে মা সুমাইয়া তার ৩ মাস বয়সী শিশু জিদনিকে নিয়ে মালের হাট টিকাকেন্দ্রে যাচ্ছিলেন। অভিযোগ রয়েছে, টিকাকেন্দ্রে যাওয়ার পথে মালের হাট ব্রিজের ওপর দুইজন অজ্ঞাতনামা মহিলা কৌশলে তার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তারা সুমাইয়ার হাতে ২০০ টাকার একটি নোট দেন। নোটটি হাতে নেওয়ার পরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় তারা।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাবা আবদুর রব (৩৫) পেশায় একজন বিল্ডিং সাব-কন্ট্রাক্টর। তাদের পরিবারে আরও রয়েছে ৭ বছর বয়সী এক ছেলে জিহাদ এবং ৩ বছর বয়সী এক মেয়ে জিন্নাত। সর্বকনিষ্ঠ সন্তান জিদনির এমন নিখোঁজের ঘটনায় পরিবারটি ভেঙে পড়েছে।

শিশুটির চাচা জসিম চাকলাদার জানান, দুইজন মহিলা আমার ভাবির সঙ্গে কথা বলে ব্রিজের ওপর দাঁড় করায়। তারা ২০০ টাকার একটি নোট দেয়। নোট হাতে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর দেখা যায় শিশুটি আর নেই। আমরা আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করছি।

ঘটনার পরপরই স্বজনরা ব্রিজ ও আশপাশ এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়া উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

শিশুটির সন্ধান পেলে যোগাযোগের জন্য পরিবারের পক্ষ থেকে একটি নম্বর দেওয়া হয়েছে: ০১৭২৯৯৩০১৬২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত