চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে জুতাপেটা, মামলা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৩ এএম

মানিকগঞ্জের সিংগাইরে টিউবওয়েল চুরির অভিযোগে এক যুবককে সালিশের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিচারে তাকে ৫০ বার জুতাপেটা ও জোরপূর্বক মাথা ন্যাড়া করা নিয়ে আলোচনা চলছে। সম্প্রতি উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. রাকিব (২৪) স্থানীয় খোরশেদ আলমের ছেলে ও পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

ভুক্তভোগী রাকিব গতকাল সকালে স্থানীয় লতিফ ভা-ারী, আওলাদ হোসেন, রতন, ইউপি সদস্য দ্বীন ইসলামসহ ৯ জনকে আসামি করে সিংগাইর থানায় মামলা করেন।

স্থানীয়রা জানায়, গত ২২ ফেব্রুয়ারি রাতে ফতেপুর গ্রামের হারুনের বাড়ি থেকে একটি টিউবওয়েলের মাথা চুরি হয়। পরে বাগুলি রাস্তায় মান্নানের দোকানের মোড় এলাকা থেকে মানিক ও জহিরুলের কাছ থেকে মালামাল উদ্ধার হয়। তাদের স্বীকারোক্তিতে ২৪ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে স্থানীয় আব্দুল লতিফ ভা-ারী, দ্বীন ইসলাম, রতনসহ কয়েকজন রাকিবকে তার বাড়ি থেকে ডেকে ফতেপুর স্কুল মাঠে সালিশে নিয়ে যান। সেখানে চুরির অভিযোগে তাকে দায়ী করা হলে রাকিব অভিযোগ অস্বীকার করেন। এতে উপস্থিত কয়েকজন তাকে গালাগাল ও এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে সালিশে দ্বীন ইসলাম মেম্বারের নির্দেশে সেরন ব্যাপারী নামে এক ব্যক্তি রাকিবকে ৫০ বার জুতাপেটা করেন। পরে আব্দুল লতিফের নির্দেশে রতন মেশিন দিয়ে তার মাথার চুল কেটে অর্ধন্যাড়া করে দেন। এ সময় রাকিবকে রক্ষা করতে তার ফুপাতো ভাই শরীফ এগিয়ে এলে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। রাকিবের মা শিরিনা আক্তার ও ফুপু আরজুদা এগিয়ে এলে তাদেরও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। পরদিন বুধবার এ বিষয়ে সিংগাইর থানায় একটি অভিযোগ করেন ভুক্তভোগী রাকিব। ২৬ ফেব্রুয়ারি অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়।

তবে গ্রাম্য বিচারের সভাপতি লতিফ ভা-ারী অভিযোগ অস্বীকার করে বলেন, রাকিব চুরি করেছে এবং হাতেনাতে ধরা পড়েছে। বিচারে শাস্তি পেয়েছে।

সিংগাইর থানার ওসি মো. মাজারুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি মামলার রজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত