ভূমি-সংক্রান্ত নানা জটিলতা ও অনিয়ম দূর করে জনগণের ভোগান্তি কমাতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিভিন্ন ধাপে ধাপে ঘুরতে গিয়ে মানুষ যে ভোগান্তির শিকার হন, তা নিরসনে সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সারা দেশের মানুষকে অপ্রয়োজনীয় জটিলতা থেকে মুক্ত করতে সুপরিকল্পিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সারা দেশে প্রস্তাবিত ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হলে একজন সেবাপ্রার্থীকে একাধিক দপ্তরে ছোটাছুটি করতে হবে না। যার জমি, যার সমস্যা তিনি সরাসরি কেন্দ্রে এসে অভিযোগ বা আবেদন জানাতে পারবেন এবং সেখান থেকেই প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে সকাল থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এই কমিউনিটি সেন্টারে অবস্থান নিয়ে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানান।
