লালমনিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় রফিকুজ্জামান পলাশ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত পলাশ স্থানীয় ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আজ ​শনিবার সকালে উপজেলার মমিনপুর শিমুলতলা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুজ্জামান পলাশ রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টা দিকে শোরুমের কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন পলাশ। মমিনপুর শিমুলতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে, কর্মস্থলে কর্মরত থাকাকালীন মৃত্যুতে নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত