দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মিসাইল হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানে। ওই হামলায় ছাত্রীসহ ৫৩ জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। হামলার সময় বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
বিবিসি ফার্সি জানিয়েছে, শনিবার ভোরের প্রথম প্রহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানসহ ইরানের আরও কয়েকটি শহরে— কেরমানশাহ, কোম, লোরেস্তান, কারাজ ও তাবরিজ—হামলা চালায়। জবাবে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে— বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব—বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
মার্কিন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে একটি বড় অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও জানিয়েছেন, তাদের দেশ প্রতিরোধমূলক হামলা চালিয়েছে।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ সম্প্রচারক জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি নয় তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন।
