কয়লা আমদানির নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৫২ এএম

ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলে দেওয়ার কথা বলে ১০ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফারজানা ইয়াসমিন নিলা নামের এক নারীর বিরুদ্ধে। গতকাল শনিবার সকালে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। বর্তমানে অভিযুক্ত নিলা যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স এ টু জেড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আনিসুর রহমান খান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা ‘ব্রড কান্ট্রি এলসি’ খোলার প্রস্তাব দেন। পরে যশোরের ৯জন ব্যবসায়ী যৌথভাবে এলসি খোলার সিদ্ধান্ত নেন। ৩০ শতাংশ মার্জিনের শর্তে তাদের পক্ষে নিলার হিসাবে ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা জমা দেওয়া হয়।

আনিসুর রহমানের অভিযোগ, টাকা নেওয়ার পর নিলা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। ইন্দোনেশিয়ায় কয়লাবাহী জাহাজ প্রস্তুত হওয়ার কথা জানিয়ে এলসির কপি চাইলে একটি ভুয়া এলসি সরবরাহ করা হয়। পরে টাকা ফেরতের চাপ দিলে ৫০ লাখ টাকার একটি জাল বিএফটিএন-এর কপি ও একটি ভুয়া এফডিআরের কাগজ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিলা নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন। তাদের মধ্যে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও শিল্পগোষ্ঠী সংশ্লিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানের নাম উল্লেখ করা হয়। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, প্রথমে ঢাকার গুলশান থানায় মামলা হলে নিলা গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্ত হয়ে টাকা ফেরত না দিয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন। পরে যশোরে নতুন মামলা হলে পুলিশ তাকে আবার গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলম ট্রেডিংয়ের নুর আলম বাবু, তালতলা স্টোন হাউজ, মাহমুদ হাসান লিপু, জনি এন্টারপ্রাইজের কামরুজ্জামান, জিয়া ট্রেডিংয়ের জিয়া বিশ্বাস, বৃষ্টি এন্টারপ্রাইজের ইউসুফ আলী, মদিনা এন্টারপ্রাইজের গোলাম সরোয়ার, মেসার্স হাফিজুর রহমানের হাফিজুর রহমানসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত