শিক্ষিকাসহ তিন নারী খুন  

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৫২ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুলশিক্ষককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হাপানিয়া গ্রামে বাড়িতে ঢুকে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সাভারের আশুলিয়ায় রুমানা আক্তার নামে এক নারী খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের নতুন হাপানিয়া গ্রামে নিহত পারুল বেগম (৭০) মৃত লনু প্রধানের স্ত্রী। ওই বাড়ি থেকে তার পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

নিহত পারুলের পুত্রবধূ আহত হালিমা আক্তার জানান, গত শুক্রবার এশার নামাজের কিছুক্ষণ পর মুখ বাঁধা অবস্থায় ৩-৪ দুর্বৃত্ত ঘরে ঢোকে। তারা প্রথমে তাকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং ঘরের মালামাল লুটে নেয়। এরপর পাশের কক্ষে গিয়ে তার শাশুড়ি পারুল বেগমকে শ্বাসরোধে হত্যা করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

সহকারী পুলিশ সুপার জাবির হুসনাইন সানীব বলেন, ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকা- বলে মনে হচ্ছে।

গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শামসুন্নাহার রুমা নামের এক স্কুলশিক্ষককে হাত-পা বেঁধে শ্বাসরোধে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টা দিকে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন নিজ বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাত-পা বাঁধা ও গলায় ওড়না পেঁচানো ছিল। শামসুন্নাহার রুমা উপজেলার ফুলবাড়ী গ্রামের সোলাইমান আলী মাস্টারের মেয়ে। তিনি চ-িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, দুপুর গড়িয়ে গেলেও রুমার ঘর থেকে সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয় তাদের। এরপর পাশের বাসার এক নারী ভেতরে গেলে দেখতে পান ঘরের দরজা খোলা আর মেঝেতে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রুমার মরদেহ পড়ে আছে। ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বলেন, হত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিহত শাহ আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েক যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় সকাল-বিকেল নিয়মিত আড্ডা দিতেন। তারা মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এতে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এর জেরে গত বৃহস্পতিবার রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের কতিপয় যুবক। হামলার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকালে শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে তিনি মারা যান।

সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় রুমানা আক্তার নামে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারী খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী বিল্লাল পলাতক রয়েছেন।

গতকাল শনিবার সকালে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পাবনারটেক এলাকার হেলাল মাস্টারের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিল্লাল-রুমানা দম্পতি ওই বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানান, গতকাল সকালে প্রতিবেশীরা ঘরের ভেতরে রুমানার মরদেহ দেখতে পান। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে কাটা ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত