আ.লীগ অফিসে টানানো ব্যানার পোড়াল বিএনপির নেতাকর্মীরা

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:৫৩ এএম

রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের সামনে টানানো একটি ব্যানার পুড়িয়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা। নগরীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন লেখা ওই ব্যানারটি টানানো হয়। গত শুক্রবার রাতে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে যায়। গতকাল শনিবার সকালে ব্যানারটি পুড়িয়ে ফেলেন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, গতকাল সকালে ব্যানার টানানোর বিষয়টি জানাজানি হলে বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। সেখানে নেতৃত্ব দেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। তারা ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

শামসুল আলম মিলু বলেন, ‘খবর পেলাম যে ব্যানার টানানো আছে। এরপর আমরা সেখানে যাই। সেখানে গিয়ে আমরা ব্যানার টানানো দেখলাম। এরপর পাশেই একটি দোকান আছে। সেখান থেকে আমরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে জানার চেষ্টা করলাম কারা লাগিয়েছে। দেখলাম দুই-তিনজন এটি লাগিয়েছে। এরপর আমার সঙ্গে থাকা লোকজন সেটি ছিঁড়ে ফেলে। পড়ে আমরা সেটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলি।’

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে রেখে যায়। পরে খবর নিয়ে দেখেছি সেটি পুড়িয়ে ফেলা হয়েছে। তবে কে লাগিয়েছে বা পুড়িয়েছে সেটি জানা নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত