মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৭:২৪ এএম

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ অনেক আশা, প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এখন সবাইকে কাজ করতে হবে। এ সময় গণতন্ত্রের পথ মসৃণ রাখতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গতকাল শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আসুন, আমরা আল্লাহর নামে শপথগ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’ তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ফিরে পেতে হাজারো ত্যাগ রয়েছে দেশের মানুষের। হাজারো ত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সবার দিকে তাকিয়ে আছে। বিশেষ করে, রাজনৈতিক দলগুলোর দিকে। আজ আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ করি, আমাদের আগামী দিনের কাজ হবে এই দেশের মানুষের জন্য।’

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী : দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী। এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন তিনি। পাশাপাশি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা- কর্মচারীদের কাজ করার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মাচারীরাও সেই সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। আমরা এ দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা বলে মনে করি। তাই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও আমাদেরই কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বিএনপি মেনিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমি স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি, তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব। এ ছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে আশা করি।’

এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়মনীতি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহদী আমিন উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলি বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন দপ্তর সংস্থার প্রধান এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর প্রতি শনিবার সরকারি ছুটির দিনে প্রধানমন্ত্রী অফিস করেছেন। অন্যান্য দিন সচিবালয়ে অফিস করলেও গতকাল তিনি তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত