ড. ইউনূস যমুনা ছেড়ে নিজ বাসায়

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৭:৩৪ এএম

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন। গতকাল শনিবার দুপুরে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসায় ওঠেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ইউনূস। দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে অবস্থান করছিলেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সরকার পরিবর্তন ও রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর থেকে অধ্যাপক ইউনূস যমুনা ছেড়ে গুলশানে নিজের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন। এর আগে গত ২২ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূস তার অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছিলেন, তিনি ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ গুলশানে নিজের স্থায়ী ঠিকানায় ফিরে যাবেন।

অধ্যাপক ইউনূসের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় বসবাস শুরু করতে পারেন। নির্বাচনের পরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার বাসভবন নির্ধারণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কারকাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে।

এদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন তার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারব।

সর্বশেষ সর্বাধিক পঠিত