স্বামীকে হারিয়ে ৩ মেয়েকে নিয়ে দিশেহারা দাউদকান্দির সুমাইয়া

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম

পরিবারের একমাত্র আয়ের মানুষের হঠাৎ মৃত্যুতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সালাহউদ্দিনের পরিবার এখন দিশেহারা। ছোট ছোট ৩ কন্যা সন্তান নিয়ে আগামী দিনগুলো কিভাবে পাড়ি দেবেন সেই দুশ্চিন্তাই এখন তাদের সারাক্ষণের সঙ্গী।

রবিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ–কচুয়া সড়কের শায়েস্তানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন সালাহ উদ্দিন (৪০)। 

তিনি উপজেলার জিংলাতুলি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। পেশায় একজন অটোচালক ছিলেন। তার তিন কন্যা সন্তান রয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল ১০টায় তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এতে প্রতিবেশী-স্বজনরা অংশ নেন। সবাই তাকে চোখের জলে বিদায় দেন। 

সালাহ উদ্দিনের স্ত্রী সুমাইয়া বেগম গৃহিণী। তাদের তিন মেয়ে খাদিজা আক্তার (১৪),  তানহা (৯) এবং জান্নাতকে (৫) নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন নিহত সালাহ উদ্দিনের স্ত্রী সুমাইয়া বেগম।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, পরিবারের একমাত্র আয়ের মানুষকে (স্বামী) হারিয়ে আমরা পথে বসে গেছি। ভাড়ায় অটো চালিয়ে কোনোরকমে সংসার চালিয়েছে। এখন সে নাই, মেয়েদের নিয়ে আমি কোথায় দাঁড়াব? আমরা কিভাবে সামনের দিনগুলো পারি দেব জানি না।

পুলিশ ও স্বজনরা জানান, রবিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার আমিরাবাদ–কচুয়া সড়কের শায়েস্তানগর এলাকায় হ্যান্ড ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক সালাহ উদ্দিন নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত