যশোরে মৃতপ্রায় ২০ খাল খনন শুরু হচ্ছে

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৫৬ এএম

যশোরে মৃতপ্রায় ২০টি খাল খনন করবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ইতিমধ্যে তালিকা প্রস্তুত ও সম্ভাব্য ব্যয় নিরূপণ করে পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জেলার উলাশী খাল খননের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পাউবোর যশোর কার্যালয়।

আগামী ১ এপ্রিল এ খালটি খনন করতে স্থানীয় ব্যবস্থাপনায় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

পাউবোর কর্মকর্তাদের ভাষ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই লক্ষ্যে বিএনপি এবার নির্বাচনে সারা দেশে খাল খননের প্রতিশ্রুতি দেয়। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠপর্যায়ে মৃতপ্রায় খালের তালিকা চেয়ে পাঠায় পানিসম্পদ মন্ত্রণালয়। নির্দেশানুয়ায়ী গত ২৮ ফেব্রুয়ারি রাতে যশোরের তালিকা মন্ত্রণালয়ে পৌঁছেছে।

পাউবোর যশোর কার্যালয়ের তথ্য মতে, জেলার ৮ উপজেলায় প্রাথমিক পর্যায়ে খননের জন্য ২০টি মৃতপ্রায় খালের তালিকা প্রস্তুত করা হয়েছে।

এর মধ্যে শার্শা উপজেলার উলাশী খাল, আমলাই সেতাই খাল ও পাকশিয়া খাল, কেশবপুরের মেহেরপুর খাল, যশোর সদর উপজেলার ডোলপুর মুক্তেশ্বরী খাল, জিয়া খাল, শুরা খাল, মনোহরপুর খাল, মনিরামপুরের হরিদাসকাটির খাল, কুমারসিঙ্গা খাল ও বাশিয়ারা খাল, অভয়নগরের রামনগর ও নাউলি খাল খনন করা হবে। ঝিকরগাছার রাধানগর সøুইস গেট থেকে রাজাপুর খালের দুই কিলোমিটার, কাগমারি খাল ও ফুলবাড়ী খাল।

এ ছাড়া চৌগাছার কান্দি বড়ো বিল থেকে ভৈরব নদ পর্যন্ত দুই কিলোমিটার খাল, খলশির খাল, বাঘারপাড়া উপজেলায় রাঘরবপুর খাল ও বড়ক্ষুদ্র খাল খনন করা হবে।

পাউবোর যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, যশোর-৩ আসনের এমপি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অন্যান্য এমপি ও উপজেলার ইউএনওদের সঙ্গে কথা বলে ২০টি খালের তালিকা প্রস্তুত করা হয়েছে। সাড়ে ৫৬ কিলোমিটার দৈর্ঘ্যরে খালগুলোর তালিকা গত ২৮ ফেব্রুয়ারি রাতেই মন্ত্রণালয়ে পাঠানো হয়। খননের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে অন্তত ২৩ কোটি টাকা।

তিনি বলেন, খাল খননের জন্য মন্ত্রণালয় থেকে অর্থ পেতে সময় লাগতে পারে। কিন্তু আমরা অপেক্ষা না করে কার্যক্রম শুরু করতে চলেছি। খাল কাটাসহ অন্যান্য খাতে প্রতিবছরই মন্ত্রণালয় বরাদ্দ দেয়। আমরা সেই বরাদ্দ একত্র করে ৩০ লাখ টাকায় উন্নীত করেছি, যা দিয়ে উলাশী খাল খনন শুরু করব। আগামী ১ এপ্রিল থেকে খননের পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত