জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১২:৫৬ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল সকালে চরাচিথুলিয়া গ্রামের মাঠে রহমান সরকারের স্কিম থেকে দানেজ সরকারের জমিতে সেচের পানি চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে রহমান সরকার ও দানেজ সরকারের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে মাঠেই দুই পক্ষের নারী-পুরুষরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকার, আল আমিন, সোহেল, আকরাম, শুকুর, হাফিজা খাতুনসহ অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

স্কিম পরিচালক আব্দুর রহমান জানান, দানেজ সরকারের জমিতে ইতিমধ্যে দুবার সেচ দেওয়া হয়েছে। কিন্তু লাঙল দিয়ে চাষ না করায় প্রতিবারই পানি শুকিয়ে গেছে। আবার ট্রাক্টর না এনে ফের পানি চাইলে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরে বাড়ির অন্যরা ঠেকাতে এলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।

দানেজ সরকার বলেন, তিনি তার জমিতে সেচ চাচ্ছেন সকাল থেকেই। সেচ না দিয়ে বকাঝকা করতে থাকেন রহমান। তিনি বকাবকি করতে নিষেধ করায় হামলে পড়েন। তখন স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত