পিকাপ ভ্যানে আটজন লোক তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে প্রবেশ করলে গ্রামবাসীর সন্দেহ হয়। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের আটক করে মারপিট করে। পুড়িয়ে দেওয়া হয় তাদের বহনকারী মিনি ট্রাকটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. শাহীন (৪৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন। তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার মাড়িয়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
পুঠিয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। আহত সাতজনকে গুরুতর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন বলেন, তাদের কাছে থেকে ডাকাতির যে সমস্ত সরঞ্জাম দরকার তালা ভাঙা ও বাড়ি ভাঙার মতো জিনিস উদ্ধার করা হয়েছে। এ ঘটনার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।