পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের দৃশ্যমান কাজের অংশ হিসেবে সারা দেশে ১ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দ্রুতই এ কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। দেশে এখন জনগণের সরকার রয়েছে।
গতকাল সোমবার বিকেলে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় গাছা খাল ও দুপুরে শ্রীপুরের জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে, সেখানে হয় মার্কেট করে, না হয় বাড়িঘর করে। এটা হলো সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি। এটা জনসাধারণের, জনসাধারণের প্রয়োজনে এই খাল খনন কর্মসূচিটাকে বৃহৎ আকারে নিয়ে গিয়ে সাধারণ মানুষ যেন উপকারভোগী হয়, সুবিধাটা পায় জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার অবস্থান থেকে এই কাজগুলো থেকে শুরু করেছিলেন। আজকে যেহেতু সেই পর্যায়ে নেই, আমাদের নির্বাচনী ওয়াদা ও প্রতিশ্রুতি ছিল। আমরা সেখানে বলেছিলাম পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করব। এক সপ্তাহ সময় হয়নি আমরা শপথ নিয়েছি, তারপরের দিন থেকে আমরা কাজে নেমে পড়েছি। এট হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির আলোকে তার রাজনৈতিক দর্শন, তার আদর্শের ভিত্তিতে আমরা যারা নির্বাচিত হয়েছি। তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে দেশপ্রেমিক সরকার গঠন করা একটা দৃষ্টান্ত।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক বলেন, সিটি করপোরেশনের গাছা খালটি খননের জন্য পানি উন্নয়ন বোর্ড একটি প্রকল্প নিয়েছে। খালটি যেহেতু সিটি করপোরেশনে পড়েছে, সেজন্য সেখানে আমাদের অংশগ্রহণ ছিল।
