শ্রমিক হত্যা মামলা

আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪০ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের বৈষম্যবিরোধী আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম ম-ল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার আবেদন দেখানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত দুই পক্ষের শুনানি শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আইভীকে সকলেই চিনে। আইভীর ঘটনাস্থলে উপস্থিত থাকলে এজাহারকারী আইভীর নাম দিতেন। আইভী এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। আদালত শুনানি শেষে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেছে। এই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আমরা আইনিভাবে পরবর্তী পদক্ষেপ নেব। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। ২০২৪ সালের ৩০ জুন কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম ম-লকে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন।

গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই সঙ্গে গত বছরের নভেম্বর মাসে হাইকোর্ট ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দিয়েছিল। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে ১৮ নভেম্বর তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ও সদর থানায় দায়ের করা আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত