সংসদে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ এএম

ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। গতকাল ডাকযোগে প্রধানমন্ত্রী কার্যালয়ে এ চিঠি পাঠান তিনি।

চিঠিতে তিনি বলেছেন, ‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন না। গণঅভ্যুত্থানের সময় তিনি কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা তিনি নেননি। এখনো অনুতপ্ত হয়ে কোনো বিবৃতি দেননি।’

চিঠিতে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে রাষ্ট্রপতির দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি উল্লেখ করে বলা হয়, ‘সাক্ষাৎকারে তিনি শুধু জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেননি, বরং প্রকৃত সত্যকেও মিথ্যাভাবে উপস্থাপন করেছেন। এতে তিনি তার শপথভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার কোনো আইনি অধিকার তার নেই।’ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যাতে ভাষণ দিতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আইনজীবী বলেন, ‘এটি জনগণেরও আকাক্সক্ষা।’  সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে ব্যারিস্টার শাহরিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে যেকোনো একজন সংসদ সদস্য স্পিকারের ভূমিকায় থাকতে পারেন। এ ছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি কোনো কারণে রাষ্ট্রের দায়িত্ব পালনে অসমর্থ হলে স্পিকার দায়িত্ব পালন করতে পারেন। সে হিসেবে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। সংসদের প্রথম দিনই যদি এই রাষ্ট্রপতিকে নিয়ে যাওয়া হয়, তাহলে বিরোধী দল ওয়াকআউট করবে, আন্দোলন করবে। এতে জুলাই অভ্যুত্থানের চেতনা অনিশ্চয়তায় পড়বে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত