সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির অভিযোগ উঠেছে।
নেপালে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যাওয়ার উদ্দেশে গতকাল সোমবার বিমানবন্দর ইমগ্রেশনে গেলে সেখানে দায়িত্বরত স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। তার কাছে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেন। সদ্য বিদায়ী উপদেষ্টা পরিচয় পাওয়ার পরও অযাচিতভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন। তিনি নেপালে নির্বাচন পর্যবেক্ষণে যাওয়ার উদ্দেশের কথা জানালেও তাকে বসিয়ে রাখা হয় বলে আদিলুর রহমান অভিযোগ করেছেন।
সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা স্পেশাল ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আদিলুরের দেশের বাইরে যাওয়ার অনুমতির বিষয়ে অবহিত করেন। পরে নির্দেশনা পেয়ে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসবির এক কর্মকর্তা। তিনি দেশ রূপান্তরকে বলেন, কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে যতটুকু সময় লেগেছে তাই করা হয়েছে। তাকে কোনো ধরনের হয়রানি করা হয়নি।
স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি গোলাম রসুল অবশ্য বলছেন, ঘটনা সে রকম কিছু নয়। তিনি সাংবাদিকদের বলেন, আদিলুর রহমান খান ইমিগ্রেশনের যাবতীয় কাজ শেষ করে নেপালে যাওয়ার জন্য বোর্ডিং পাস পেয়েছেন।
