সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ এএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাসপুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৫৫)। তারা দুজনই বিএনপির সমর্থক বলে জানা গেছে। তবে এ ঘটনায় আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, গোয়ালপাড়া গ্রামের সোরহাব আলী প্রামাণিকের বসতবাড়ির পাশে পাঁচ বিঘা সরকারি খাসপুকুর রয়েছে। এ নিয়ে গোয়ালপাড়া গ্রামের মৃত নজর উদ্দিনের ছেলে আওয়ামী লীগ সমর্থক আছমত আলীর সঙ্গে ধামাইনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নাকাটি বটতলা গ্রামের ময়দান উদ্দিনের ছেলে আবু বক্করের বিরোধ চলে আসছিল। গত ১৫-১৬ বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটিতে মাছ চাষ করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক পুকুরটি তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন।

পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ মারার জন্য ওই পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষই ধারালো অস্ত্র, হাসুয়া, দা, লাঠিসোঁটা নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আছমতের পক্ষের চারজন এবং আবু বক্করের পক্ষের সাতজন গুরুতর আহত হন। ৯৯৯-এ কল পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুপুর ২টার দিকে আবু বক্করের পক্ষের ইসমাইল হোসেন (৭০) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও আব্দুস সালাম (৬০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত