এই ঈদে

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:৩০ এএম

নতুনরূপে ফারহান

নিজের দেখা সত্য ঘটনা অবলম্বনে নাটক নির্মাণ করেছেন মাহিন খান। ‘বেসড অন ট্রু স্টোরি’ নামের এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাফা কবির। আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যায় সোনিয়া। স্বামী পলাশও যায় তার সঙ্গে। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে তারা। দুজনেরই স্বপ্ন ছিল বিদেশে পাড়ি জমানো। সেই স্বপ্ন পূরণ হয়েছে। সোনিয়া পড়াশোনা করে আর পলাশ একটি রেস্টুরেন্টে চাকরি করে। পলাশ যা আয় করে তাতে টানাপড়েনের মধ্যেই চলতে হয় তাদের। বিষয়টা ভালো লাগে না সোনিয়ার। সে নিজেও কিছু আয় করে পলাশকে সহযোগিতা করতে চায়। এক বান্ধবীর মাধ্যমে একটা জামা কাপড়ের শোরুমে পার্ট টাইম জব পেয়ে যায়। কিন্তু পলাশ রাজি না। সে চায় সোনিয়া শুধু পড়াশোনা করবে। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতন্ডা চলে। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত পলাশকে রাজি করিয়ে জব শুরু করে সোনিয়া। এরপর থেকে ধীরে ধীরে বদলে যেতে থাকে তাদের দিনরাত্রি। তারপর ঘটতে থাকে নানা নাটকীয়তা।

রাজ-সাবিলার অনবদ্য নৃত্য

এবারের ঈদের জন্য নির্মিত বিশেষ ইত্যাদির দলীয় সংগীতেও তুলে ধরা হয়েছে নানান অবক্ষয় ও অসংগতি। বাল্যকালে শেখা নীতি কথা-কর্মকালে এসে মর্মহীন হয়ে যায়, যা অনেকেই বোঝেন না এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। উপস্থিত দর্শকরা মুগ্ধ দৃষ্টিতে দেখেছেন তাদের এই চমৎকার কোরিওগ্রাফি-সমৃদ্ধ নাচ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।

ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মধ্যেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্য অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়মিত মহড়ায় অংশ নিয়েছেন। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত বর্ণাঢ্য এই ভিন্নধর্মী দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে। কেয়া কসমেটিকস লিমিটেডের স্পনসরে ফাগুন অডিও ভিশনের ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

সর্বশেষ সর্বাধিক পঠিত