এশিয়ান গেমস ক্রিকেট সামনে রেখে গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। যদিও ক্যাম্পের প্রথম দিনে দলের সব সদস্য উপস্থিত ছিলেন না। ছুটি কাটিয়ে পেসার শরিফুল ইসলামের ১৫ সেপ্টেম্বর অনুশীলনে ফেরার কথা রয়েছে। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলা হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে থাকা ক্রিকেটাররা কয়েক দিন পর এই অনুশীলনে যোগ দেবেন।
এবারের এশিয়ান গেমসের আয়োজক জাপান। সেখানে যেতে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তার আগ পর্যন্ত মিরপুরে চলবে অনুশীলন পর্ব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় যাওয়ার আগে দেশে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা। এই দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে এই দুটি ম্যাচ খেলতে চেয়েছিলেন। তবে চলতি বছর এইচপির ক্যাম্পের কর্মসূচি আর না থাকায় বিকল্প ভাবতে হচ্ছে তাকে। জানা গেছে, অনূর্ধ্ব-২৩ দলের কয়েকজন ক্রিকেটার এবং এ মুহূর্তে যারা জাতীয় দলের বাইরে আছেন, কিন্তু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ক্যাম্পে যোগ দেননি, তাদের সঙ্গে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্ট দলের ক্যাম্পের কয়েকজন সদস্যের বিপক্ষে এই দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন এশিয়ান গেমসের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা।
এই প্রতিযোগিতার ২০তম আসর শুরু হবে ১৯ সেপ্টেম্বর, চলবে ৪ অক্টোবর পর্যন্ত। ক্রিকেটে ছেলেদের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ, গ্রুপ পর্বে খেলতে হচ্ছে না লিটনদের। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা। গ্রুপটিতে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।