টাঙ্গাইলের সীমান্ত এলাকায় যৌথ অভিযানে ৪ জনকে ৬ মাসের জেল 

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম

টাঙ্গাইলের সখীপুর ও মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সখীপুরের সীমান্ত ঘেঁষা হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখা চালা এলাকায় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনীর নেতৃত্বে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজ এর সহযোগিতায় এ চৌকস অভিযান পরিচালিত হয়। এ সময় তারা চারজনকে আটক করে ৬ মাসের জেল প্রদান করেন।  

সাজাপ্রাপ্তরা হলেন, সখীপুরের হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের ইন্নতখার চালা গ্রামের মৃত রহম আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪২), মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামের আয়নালের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), বাঁশতৈল আমতৈলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন মিয়া (২২) ও বেলতৈল গ্রামের নুরুল ইসলাম মল্লিকের ছেলে আলামিন মল্লিক (২৪)। 

জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্র রাতের আধারে সখীপুরের ইন্নতখার চালার লাল মাটির পাহাড় ভেকু দিয়ে কেটে মির্জাপুরের বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত