বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারের খোঁজখবর নিতে তার বাসভবনে যান চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গত সোমবার (২ মার্চ ২০২৬) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দায়িত্ব পালনকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তার মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাঈদ আল নোমান বলেন, প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের মর্মান্তিক অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার একমাত্র মেয়ে তাসনিম তামান্নার সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছি।
তিনি আরও জানান, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে কথা হয়েছে। মরদেহ দ্রুত দেশে এনে যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
তিনি বলেন, প্রবাসে কর্মরত আমাদের ভাইয়েরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ঘামে-রক্তে অর্জিত রেমিট্যান্স আমাদের উন্নয়নকে গতিশীল করছে। তাদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা মহসিনের পরিবারের পাশে আছি। নগর বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিচ্ছি।
এসময় বিএনপির স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহত আবুল মহসিনের স্বজনরা উপস্থিত ছিলেন।
