অভিনয়ে ফিরছেন টয়া
ফেরদৌস হাসান পরিচালিত ‘গোলাপ আর কাঁটা’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও পর্দায় ফিরছেন লাক্সতারকা মুমতাহিনা চৌধুরী টয়া। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণে অংশ নেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রাশেদ জামান শাওন। নাটকের গল্পে স্বামী-স্ত্রীর মিষ্টি-মধুর সম্পর্ক, মান-অভিমান এবং দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গির টানাপড়েন তুলে ধরা হয়েছে। টয়া-শাওন ছাড়াও এতে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, অনুভব মাহবুবসহ আরও অনেকে। অভিনয়ে ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘বেশ কিছুদিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভালো লাগছে। গত বছর একটি নাটকের আইটেম গানে নাচলেও অভিনয় করা হয়নি। প্রায় দুই বছর পর পূর্ণাঙ্গ নাটকে কাজ করলাম। গল্পটি অসাধারণ। ফেরদৌস হাসান একজন অভিজ্ঞ নির্মাতা, সহশিল্পীরাও দারুণ গুণী। অনেক দিন পর এমন একটি টিমের সঙ্গে কাজের সুযোগ পেলাম। কাজ করতে করতে কখন সময় কেটে গেছে বুঝতেই পারিনি। এটি ঈদের নাটক। আপাতত ঈদের জন্য একটি নাটকেই অভিনয় করার ইচ্ছা আছে।’ অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘একঘেয়েমি এসে গিয়েছিল। মনে হয়েছিল কিছুটা বিরতি দরকার।
জোভান-নীহার ‘গুডলাক’
ছোট পর্দার এই সময়ের দর্শকপ্রিয় অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা জুটি বেঁধেছেন নতুন আরেকটি নাটকে। আসন্ন ঈদ উৎসব উপলক্ষে নির্মিত এই বিশেষ নাটকের নাম ‘গুডলাক’। ভালোবাসা আর বোকামির এক সংমিশ্রণে তৈরি এই নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকের চিত্রনাট্য লিখেছেন রায়হান মাহমুদ। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। এর সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকটিতে এক বিশেষ চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেত্রী দিলারা জামানকে। নাটকের গল্প নিয়ে এখনই সব প্রকাশ করতে নারাজ নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এটি মূলত একজন ‘বোকা প্রেমিকের’ চনমনে প্রেমের গল্প। যেখানে ক্যাম্পাস জীবনের উচ্ছ্বাস এবং পারিবারিক আবহের এক চমৎকার মেলবন্ধন তুলে ধরা হয়েছে। নাটক সংশ্লিষ্টদের দাবি, ‘গুডলাক’-এ জোভানের চরিত্রে এমন এক বড় চমক রয়েছে, যা দেখে দর্শক অনেকটা চমকে যাবেন। তার চরিত্রের এই ভিন্নতাই নাটকটির মূল আকর্ষণ হতে যাচ্ছে। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান নাটকটি ঈদে সিএমভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের
গান ছাড়ার আভাস দিলেন ভারত তথা বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর গাইবেন না। বছরের শুরুতে অরিজিৎ সিং ঘোষণা করেছিলেন, তিনি আর ছবিতে প্লেব্যাক করবেন না এমন খবর ছড়িয়ে পড়তেই চমকে গিয়েছিলেন অনুরাগীরা। এবার বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়াও। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘চিকনি চামেলি’ ধরনের গান ভবিষ্যতে আর গাইবেন না। গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রেয়া। ছবিতে গানটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ক্যাটরিনা কাইফ। শ্রেয়ার কথায়, তখন গানটি গাইতে তার অস্বস্তি হয়নি। কিন্তু সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে। এখন গান বাছাইয়ে আরো সতর্ক থাকতে চান তিনি। ‘চিকনি চামেলি’ জনপ্রিয় হওয়ার পর তার কাছে এমন অনেক গানের প্রস্তাব আসে, যেগুলোতে নারীদের ‘অবজেক্টিফাই’ করা হয়েছে বলে মনে হয়েছে তার। শ্রেয়ার ভাষ্য, ‘চিকনি চামেলি’ শুধুই মজার একটা গান নয়, এর মধ্যে শিল্পের ছোঁয়াও ছিল। তবে কিছুটা সাজেস্টিভ ছিল। সেই সময়ে আমি ঠিক বুঝতাম না, কী গাইছি। কিছু পঙ্ক্তির গভীর অর্থ বোঝার মতো পরিণতিবোধ তখন ছিল না।
অস্কারের অপেক্ষায় এলি ফ্যানিং
আর মাত্র কয়েক দিন পরই বসছে অস্কারের আসর। আর এবারের অস্কারে প্রথমবার মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত ২৭ বছর বয়সী হলিউড অভিনেত্রী এলি ফ্যানিং। তারুণ্যের প্রতীক হিসেবে স্বীকৃত এই শিল্পী মনোনয়ন পান ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার জন্য। সিনেমাটি মোট ৯টি মনোনয়ন পেয়েছে, যার মধ্যে সহ-অভিনেত্রী ইনগা ইভসডটার লিলিয়াস, সহ-অভিনেতা স্টেলান স্কারসগার্ড এবং প্রধান অভিনেত্রী রিনেট রেইসভির মনোনয়নও রয়েছে। এ ছাড়া সিনেমাটি পেয়েছে সেরা সিনেমা, পরিচালক, স্ক্রিনপ্লে এবং আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতেও মনোনয়ন। সিনেমাটিতে রেইচেল কেম্পের চরিত্রে অভিনয় করেছেন এলি। যিনি একজন আমেরিকান অভিনেত্রী যিনি নরওয়েজিয়ান পরিচালকের সিনেমায় কাজ করছেন। চরিত্রটি অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অতীতকে ফিরে দেখার মতো অনুভব করেছেন। এলি ফ্যানিং বলেন, এই চরিত্রের মাধ্যমে নিজের অভিজ্ঞতার সঙ্গে সংযোগ তৈরি করা আমার জন্য কাথারসিসের মতো। মনোনয়নের বিশেষত্বটি আরও বাড়িয়েছে চরিত্রের গল্প, যিনি নিজের ইচ্ছা ছেড়ে দেন এবং সাহসীভাবে নতুন পথে চলেন।