দুই মাস পর মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। গতকাল লিগের চারটি ম্যাচ মাঠে গড়ায়। ফিরতি লিগের প্রথম দিনে কিংস অ্যারেনায় পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দুটি গোলই আসে কিংসের বিদেশী রিক্রুটদের কাছ থেকে। ১০ ম্যাচ শেষে ৬ জয় ৩ ড্র ও ১ হারে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। একই দিনে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় আবাহনী লিমিটেড। আরামবাগ-ফকিরেরপুল এবং বাংলাদেশ পুলিশ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ দুটি ১-১ গোল ড্র হয়।
ফিফার নিষেধাজ্ঞায় পড়ে মধ্যবর্তী দলবদলে অংশ নিতে পারেনি বসুন্ধরা কিংস। লিগে শেষ তিন ম্যাচেও জয় পায়নি তারা। এমন সমীকরণ মাথায় নিয়ে ঘরের মাঠে তলানীর দল পিডব্লিউডি স্পোর্টস ক্লাবকে আতিথ্যেয়তা দেয় বসুন্ধরা। পিডব্লিউডির হয়ে লিগে অভিষেক হয় তরুণ ফুটবলার নাজমুল হুদা ফয়সালের। ভুটানের সানজয় জোনাথনও শুরুর একাদশে খেলেন। তবে শুরু থেকে দাপুটে খেলা উপহার দেয় মারিও গোমেজের শিষ্যরা। ২২ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় বসুন্ধরা।
ইমানুয়েল সানডের বাড়ানো বল পান ফয়সাল হোসেন ফাহিম। সেখান থেকে রিমন হোসেনকে ব্যাকপাস করেন ফাহিম। এরপর রিমনের বাড়ানো বল পেয়ে ডি বক্সের অনেক বাহিরে থেকে বা পায়ের দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন গোল করেন মোহাম্মদ হৃদয়। লিগে ২৪ বছর বয়সী তারকার এটি প্রথম গোল। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বসুন্ধরা। বিরতির পর বসুন্ধরার জালে বেশ কয়েকবার আক্রমণ শাণিয়েও সমতা ফেরাতে পারেনি পিডব্লিউডি। উল্টো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটার্ক থেকে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা। সোহেল রানা সিনিয়য়ের পাস থেকে মধ্যমাঠ থেকে পিডব্লিউডির বক্সে ঢুকে পড়েন মোহাম্মদ রাকিব। সেখান থেকে সানডেকে পাস দেন তিনি। গোলমুখের কাছ থেকে সুযোগ হাতছাড়া করেননি সানডে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রহমতগঞ্জকে তেমন সুযোগ দেয়নি আবাহনী। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আকাশী-নীলরা। ২১ মিনিটে গোলের খাতা খুলেন মিডফিল্ডার ব্রুনো মাতোস। পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে এগিয়ে নেন তিনি। ২৯ মিনিটের মাথায় শেখ মোরসালিনের বাড়ানো বল থেকে ব্যবদান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবোগ। বিরতির পর সুলেমান দিয়াবাতের বাড়ানো পাস থেকে ব্যবধান ৩-০ করেন ওগবোগ। এটি ম্যাচে তার দ্বিতীয় গোল। ৭২ মিনিটে হলুদ কার্ড পান মোরসালিন। এর এক মিনিট পর ব্যবধান ৪-০ করেন সৈয়দ মাহ কাজেম কিরিমানি। যোগ করা সময়ে পেনাল্টি তেকে গোল করে এক গোল শোধ দেন সলেমন কিং। ১০ ম্যাচে ১৬ পযেন্ট নিয়ে তিনে আবাহনী। এক পয়েন্ট কম নিয়ে পাঁচে রহমতগঞ্জ।
ফিরতি লিগে ভালো ফলের আশায় নতুন ১০ বিদেশি ফুটবলার আনে ব্রাদার্স। যার পাঁচজন পাকিস্তানি ও তিন গিনির ফুটবলার। তবে দুরাবস্থা কাটেনি। বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয় পায়নি ব্রাদার্স। প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। ৭৩ মিনিটে গোলের খাতা খুলেন ব্রাদার্সের শায়েখ দোস্ত। তবে পাঁচ মিনিট পর পাওরো সান্তোসের গোলে সমতায় ফিরে পুলিশ। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ১০ ম্যাচে ২ জয়, ৪ ড্র ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে গোপীবাগের দলটি। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে বাংলাদেশ পুলিশ। মুন্সীগঞ্জে পুরান ঢাকার দুই দলের লড়াইয়ে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাবের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়। ৮০ মিনিটের সময় কিজিতোর গোলে এগিয়ে যায় আরামবাগ। চার মিনিট পর লানসানার গোলে সমতা ফেরায় ফকিরেরপুল। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের আটে আছে তারা। সমান ম্যাচে এক জয় নিয়ে টেবিলের তলানিতে আরামবাগ।
টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসেবে যারা থাকছেন
‘অলস্টার’ এর বিপক্ষে পাকিস্তান সিরিজের প্রস্তুতি ম্যাচ