টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসেবে যারা থাকছেন

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

দেখতে দেখতে শেষ হয়ে এলো টি–টোয়েন্টি বিশ্বকাপ। আগামী রবিবারের ফাইনাল দিয়েই শিরোপার ফয়সলা হবে। ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৮ মার্চ আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

ফাইনালে মাঠের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। দুজনের মধ্যে ইলিংওর্থ এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করবেন। এর আগে ২০২৪ আসরের ফাইনালে তিনি ক্রিস গ্যাফানির সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে বড় ম্যাচগুলোতে দায়িত্ব পালন করা ক্ষেত্রে ইলিংওর্থের রেকর্ডও বেশ শক্তিশালী। তিনি এর আগে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ফাইনাল এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালেও আম্পায়ারিং করেছেন।

অন্যদিকে অ্যালেক্স ওয়ার্ফের জন্য এটি হবে প্রথম কোনো সিনিয়র আইসিসি বিশ্বকাপ ফাইনাল পরিচালনার অভিজ্ঞতা। এর আগে তিনি ২০২২ নারী ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৩ সালে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে তিনি আইসিসির এলিট প্যানেল আম্পায়ারদের তালিকায় জায়গা পান।

ফাইনালে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহউদ্দিন পালেকার। আর চতুর্থ আম্পায়ার থাকবেন এড্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। উল্লেখ্য, পালেকার ২০২৫ সালের মার্চে এলিট প্যানেল আম্পায়ারদের তালিকায় অন্তর্ভুক্ত হন এবং চলতি টুর্নামেন্টে ইতোমধ্যে ছয়টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত