গজারিয়ায় আলু পরিবহন নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ৩

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০১:১৯ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আলু পরিবহনের কাজ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল সদৃশ একাধিক পটকা ফাটানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (৭ মার্চ) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়ন-এর ষোলআনী গ্রাম সংলগ্ন একটি আলুর ক্ষেতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন মাহাবুব (৩২), মহসিন (৪৫) ও মমিন (৩০)। তাদের মধ্যে দুজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবেদুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলআনী গ্রামের কৃষক হাফেজ প্রধান তার জমির আলু পরিবহনের জন্য কম খরচে একটি ট্রাক্টর ভাড়া করেন। এতে বাধা দেন পাশ্ববর্তী দৌলতপুর গ্রামের সালাউদ্দিন, শাকিল, আলম ও ফারুক। আলু হিমাগারে নেওয়ার পথে পরিবহন কাজে নিয়োজিত শ্রমিকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এতে মমিন, মাহাবুব ও মহসিন আহত হন। পরে সালাউদ্দিন ও আলমের পক্ষের আরও কয়েকজন ঘটনাস্থলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্তত পাঁচটি পটকা ফাটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে গজারিয়া থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘স্থানীয় সূত্রে আমরা ঘটনার খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত