নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে রবিবার (৮ মার্চ) ভোরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের প্রবেশপথের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও নরওয়েজীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, রবিবার স্থানীয় সময় রাত ১টার দিকে (জিএমটি ০০০০) পশ্চিম অসলোর মার্কিন দূতাবাস এলাকা থেকে একটি বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই ওই এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ মুখপাত্র মিকেল ডেলিমায়ার বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে মার্কিন দূতাবাসে একটি বিস্ফোরণ ঘটেছে। দূতাবাসের কনস্যুলার শাখার প্রবেশপথে এই বিস্ফোরণটি হয়।
তবে এই বিস্ফোরণের প্রকৃত কারণ কী বা এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি অসলো পুলিশ বিভাগ। পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা দূতাবাস কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়মিত ব্যবসায়িক সময়ের বাইরে ঘটায় তাৎক্ষণিকভাবে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এখনই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
নরওয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে এলাকাটি ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।
সূত্র: রয়টার্স
