ইরানের ইসফাহান শহরের একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে বেশ কয়েকটি ‘এফ-১৪’ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার (৭ মার্চ) এই হামলা চালানো হয় বলে রবিবার (৮ মার্চ) এক বিবৃতিতে জানানো হয়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী গতকাল ইরানের ইসফাহান বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। অভিযানে সেখানে থাকা অনির্দিষ্ট সংখ্যক এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, যুদ্ধবিমান ছাড়াও ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের দাবি, এসব প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বিমানবাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
ইসরায়েল জানায়, এটি তাদের ধারাবাহিক অভিযানের অংশ। এর আগে, গত শুক্রবার তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আরেকটি বড় ধরনের হামলা চালিয়েছিল তারা। ওই হামলায় ইরানের কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করার দাবি করেছে তেল আবিব।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের এই সরাসরি হামলার দাবি নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। তবে এই ক্ষয়ক্ষতির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা